শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার নেপথ্যে ৩ কারণ দেখছে জামায়াত

Published: November 9, 2026, 5:26 pm

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পদক্ষেপকে ঘিরে জামায়াতে ইসলামী তিনটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছে। দলটির মতে, এটি তাঁর দেশে ফেরার কোনো বাস্তব উদ্যোগ নয়; বরং কর্মী-সমর্থকদের সান্ত্বনা দেওয়া, আওয়ামী লীগের শীর্ষ পদ নিজের নিয়ন্ত্রণে রাখা এবং জনগণকে বিভ্রান্ত করার একটি রাজনৈতিক কৌশল মাত্র। সোমবার এক ভিডিও বার্তায় এসব কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার প্রথম কারণ হিসেবে জুবায়ের বলেন, দেশে ফেরার বিষয়ে তিনি যেসব বক্তব্য দিচ্ছেন, সেগুলোর সত্যতা প্রমাণের জন্য একটি কৃত্রিম আবহ তৈরির চেষ্টা করছেন। পাসপোর্ট ও এনআইডি আবেদনের দৃশ্যমান উদ্যোগের মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি আইন মেনে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। বাস্তবে এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় কারণ উল্লেখ করে জামায়াত নেতা বলেন, নেতাকর্মীদের হুট করে ফেলে ভারতে চলে যাওয়ায় আওয়ামী লীগের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে। দেশে ফেরার একটি আপাত প্রক্রিয়া দেখিয়ে তিনি মূলত সেই হতাশ কর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

তৃতীয় কারণের ব্যাখ্যায় জুবায়ের জানান, শেখ হাসিনা যদি স্পষ্ট করে দেন যে তিনি আর বাংলাদেশে ফিরবেন না, তাহলে আওয়ামী লীগে নতুন কাউকে সভাপতি বা শীর্ষ নেতা নির্বাচিত করতে হবে। ফলে ‘আমি আছি, আমি ফিরে আসছি’—এই বার্তা জিইয়ে রেখে দলটির শীর্ষ পদ নিজের নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়েছেন তিনি। জামায়াতের এই নেতা শেখ হাসিনার অতীত রাজনৈতিক আচরণের সমালোচনা করে বলেন, দায়িত্বশীল পদে থেকেও অতীতে তিনি বহু বিভ্রান্তিকর ও প্রতারণামূলক কাজ করেছেন, যা রাজনৈতিকভাবে হাস্যকর ছিল। মানুষকে অস্থির রাখা ও বিভ্রান্ত করাই তাঁর রাজনৈতিক চরিত্র।

শেখ হাসিনাকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে বিচার ও আদালতের রায় কার্যকর করার আহ্বান জানান জুবায়ের। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার পাশাপাশি প্রয়োজনে আন্তর্জাতিক আইনি সংস্থা, জাতিসংঘ ও ইন্টারপোলের সহায়তা নেওয়া উচিত। চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের রক্তের প্রতি সুবিচার নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া সম্প্রতি আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নানা তৎপরতার পেছনে প্রশাসনের শিথিলতা এবং গত ১৬ বছরের দলীয় নিয়োগের প্রভাব রয়েছে বলে দাবি করেন জামায়াত নেতা জুবায়ের। উদ্ভূত পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy