সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। সেখানে ৩ সন্তানসহ এক পিতা বিষপান করেছেন। এই ঘটনায় ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের পিতাকে গুরুতর মুমূর্ষু অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শনিবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ওই ব্যক্তি তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। আহত পিতাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম-পরিচয় এবং বয়স জানা যায়নি। এছাড়া কী কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুব ভোরে খবর পেয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিনি দেখেন তিন শিশু মেঝেতে পড়ে রয়েছে। তাদের পিতাকে আত্মীয়-স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।





