বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি বলেন, বর্তমান ১১ দলীয় ঐক্যের চলমান আট দফা দাবি যেকোনো মুহূর্তে সরকার পতনের এক দফায় পরিণত হতে পারে।
সমাবেশে জামায়াতের আমির বলেন, পরিস্থিতি ও জাতির প্রয়োজনে এই আট দফা দাবি নয় বা দশ দফায় রূপ নিতে পারে, আবার যেকোনো সময় তা এক দফায় রূপান্তর হতে পারে। তিনি সরকারকে পরামর্শ দিয়ে বলেন, এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়া উচিত। দাবি মানতে ব্যর্থ হলে কোনো চোখ রাঙানিতে কাজ হবে না এবং বিরোধী দল কোনো কিছুতেই পরোয়া করবে না।
শফিকুর রহমান আরও বলেন, চট্টগ্রামমুখী লংমার্চ সফল হওয়ায় অনেকের মাথা গরম হয়ে গেছে, যার কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে দেখা যাচ্ছে। তিনি তাদের হতাশ না হয়ে জনতার দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, তারা কেবল দলীয় নয় বরং ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না।
লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী জোয়ার তৈরি হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তাঁর স্বাগত বক্তব্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। এতে আরও বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
ঢাকা-রংপুর লংমার্চের কর্মসূচি চলাকালে এক বক্তব্যে জামায়াত আমির বলেন, “পরিস্থিতি ও জাতির প্রয়োজনে বিরোধী দলের ৮ দফা কখনো ৯ বা ১০ দফায় রুপ নিতে পারে; আবার যেকোনো সময়ে তা সরকার পতনের এক দফার আন্দোলনেও পরিণত হতে পারে।”





