প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ সিরিজ উন্মোচন করেছে। তবে এবার প্রতিষ্ঠানটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে বেস মডেলের আইফোন ১৮ বাজারে আনেনি। সংস্থার ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে কেবল আইফোন ১৮ প্রো, প্রো ম্যাক্স এবং একটি ফোল্ডেবল আইফোন ডুও উন্মোচন করা হয়েছে।
শিল্প সংশ্লিষ্টদের ধারণা, চিপ ও মেমরির ঘাটতির কারণে বেস মডেলের আইফোন ১৮-এর বাজারে আসার সময়সীমা আগামী বছরের বসন্ত পর্যন্ত পেছানো হতে পারে।
বেস মডেলটি বাদ দেওয়ার পাশাপাশি অ্যাপল তাদের বর্তমান আইফোন ১৭ সিরিজের দামও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। ভারতে গত বছর ৮২ হাজার ৯০০ রুপিতে লঞ্চ হওয়া আইফোন ১৭-এর দাম প্রায় ১৭ হাজার রুপি বেড়ে এখন ৯৯ হাজার ৯০০ রুপিতে দাঁড়িয়েছে। এছাড়া আইফোন ১৭ই এবং পুরোনো আইফোন ১৬-এর দাম যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এদিকে, নতুন আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসার পর থেকেই ক্রেতাদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজের প্রো মডেলের প্রাথমিক দাম ভারতে ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি এবং প্রো ম্যাক্স মডেলের দাম ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি থেকে শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে অ্যাপল আরও সাশ্রয়ী কিছু মডেল বাজারে আনতে পারে। এর মধ্যে আইফোন ১৮ই, আইফোন এয়ার এবং বেস মডেলের আইফোন ১৮ অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জল্পনা চলছে।





