ফুটপাতে থাকা গোলাপি বেগম পেলেন প্রধানমন্ত্রীর উপহারের নতুন বাড়ি

Published: September 18, 2026, 3:07 pm

শাহবাগের ফুটপাতে দীর্ঘ সময় ধরে জীবন অতিবাহিত করা গোলাপি বেগম এখন নিজস্ব স্থায়ী ঠিকানায় উঠেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে উপহার হিসেবে একটি নতুন বাড়ি প্রদান করা হয়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে গোলাপি বেগমের কাছে বাড়িটির চাবি হস্তান্তর করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি। মানবিক বিবেচনায় তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এরপরই গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়। প্রায় এক বছর ধরে তার চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়েছিল।

পরবর্তীতে গোলাপি বেগমকে স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে নতুন বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের অংশ হিসেবে রতনপুর গ্রামে বাড়িটি নির্মাণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দেন। এসময় তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin