নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় হেল্পলাইন ‘৩৩৩’-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।
ইউএনও শাম্মী আক্তার জানান, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে নলডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনের খবরটি প্রথমে নাটোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছায়। তথ্য পাওয়ার পরপরই জেলা প্রশাসকের নির্দেশনায় পিপরুল ইউনিয়নের আঁচড়াখালী গ্রামে দ্রুত অভিযান চালানো হয়। নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকারী দল বিয়ের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের সব প্রক্রিয়া বন্ধ করে দেয়। এ সময় বেআইনিভাবে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ওই নাবালিকার অভিভাবকের কাছ থেকে একটি আইনি মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তারা অঙ্গীকার করেন যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনোভাবেই তাকে বিয়ে দেওয়া হবে না।
বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি কিশোরী মেয়েটির পড়াশোনা যাতে বন্ধ না হয় এবং তা নিয়মিত অব্যাহত থাকে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মেয়েটির শিক্ষার অগ্রগতি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।





