ফরিদপুরে নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেনাসদস্য তিতাস

Published: November 6, 2026, 2:36 pm

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখ’র দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সামরিক সশস্ত্র সালামের মধ্য দিয়ে তাকে নানীর কবরের পাশে সমাহিত করা হয়।

এর আগে বিকেলে একটি হেলিকপ্টারযোগে তিতাসের মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। পদ্মা সেনানিবাসে নিযুক্ত মেজর সোহেল আহমেদ-এর নেতৃত্বে ১৫ আর-ই (রিভারনিং ইঞ্জিনিয়ারিং) ব্যাটেলিয়ানের সদস্যরা তার মরদেহ বুঝে নেন। পরে সড়ক পথে মরদেহটি তিতাসের নিজ গ্রাম লস্করদিয়ায় পৌঁছালে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

মাগরিবের নামাজের পর লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তিতাসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি তার স্বজন ও প্রতিবেশীরা অংশ নেন। জানাজা শেষে কক্সবাজারের রামু সেনানিবাসের একবীর ইউনিট অফিসার ক্যাপটেন সাজিদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপরই তাকে লস্করদিয়া গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin