সাভারে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

Published: November 21, 2026, 4:35 am

ঢাকার সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বনপুকুর এলাকায় পারিবারিক কলহের জেরে মোছাম্মৎ হাবিবা (৪৫) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের মা আনোয়ারা বেগম জানান, বাড়ির মালিকের ভাড়া পরিশোধের চাপকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। ঘটনার একপর্যায়ে হাবিবা তার মেয়ে মেঘলাকে রাতের খাবারের জন্য ডিম ভাজার কথা বলে নিজের কক্ষে চলে যান। এরপর কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।

নিহতের স্বামী মোহাম্মদ বাদল মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। তিনি জানান, হাবিবা দুই সন্তানের জননী ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে বনপুকুর এলাকার মুফাসসির হকের ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। ঘটনার সময় মেয়ের সঙ্গে মায়ের সামান্য কথা-কাটাকাটি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin