মক্কা-মদিনা লক্ষ্য করে ছোড়া হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

Published: October 25, 2026, 2:36 am

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। শনিবার ক্ষেপণাস্ত্র দুটি মাঝআকাশে ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ দেশটির জেদ্দা, তায়েফসহ বিভিন্ন স্থানে গিয়ে পড়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর বিভিন্ন অংশ মক্কা, জেদ্দা, তায়েফ ও রাবিগ এলাকায় ছড়িয়ে পড়ে। সুনির্দিষ্টভাবে মক্কার ওয়াদি আল-মাগমাস এলাকায় ক্ষেপণাস্ত্রের কিছু অংশ আছড়ে পড়ে। এছাড়া জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ সেন্টারেও বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সৌদি আরবের পক্ষ থেকে ঘটনার বিবরণ প্রকাশের পরপরই আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, মক্কা ও মদিনার মতো ইসলামিক পবিত্র শহরগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর কাছাকাছি এলাকায় হুতিদের হামলা বা আক্রমণের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে গত ১লা অক্টোবর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, তার দুই দিন আগে মদিনার তাইবা বিদ্যুৎ বণ্টনকেন্দ্রে হামলা চালিয়েছিল হুতিরা। সেই হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও মদিনা শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়। তদন্তের পর ড্রেনের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে হুতিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছিল জোটটি। উল্লেখ্য, ওই বিদ্যুৎকেন্দ্র থেকেই ইসলামের অন্যতম প্রধান পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে সেই অভিযোগের বিষয়েও হুতিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরব জানিয়েছিল, মক্কার দক্ষিণাঞ্চলের নির্ধারিত আকাশসীমায় প্রবেশের আগেই একটি হুতি ড্রোন চিহ্নিত করে তা ধ্বংস করা হয়েছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি ছিল দ্বিতীয় কোনো প্রচেষ্টা। তবে সেই সময়েও হুতিরা মক্কা কিংবা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার কথা পুরোপুরি অস্বীকার করে। সেদিনও সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ মক্কাসহ ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুক এলাকার জন্য একাধিক সতর্কতা জারি করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin