নওগাঁর সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং নারী নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে নারী নেত্রীদের মাঝে মোবাইল ফোন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে শিরন্টি ইউনিয়ন নারী পরিষদের পাঁচজন নেত্রীর হাতে একটি করে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আবু হাসনাত রেজা, উপজেলা জাতীয় আদিবাসী নারী পরিষদের সভাপতি সুমিত্রা রাজপুর এবং সহসভাপতি রুমি পাহান।
সভাপতির বক্তব্যে স্বপন কুজুর জানান, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির নারী নেত্রীদের মাঝে মোবাইল ফোন বিতরণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই কার্যক্রমের ফলে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে এবং সংগঠনে নারী নেত্রীদের অংশগ্রহণ আরও সক্রিয় হয়ে উঠবে।





