সকল আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। রাশিয়ার বিশেষ একটি এয়ার কার্গো বিমান আকাশপথের যাবতীয় জটিলতা কাটিয়ে গত ২ অক্টোবর শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে মোট ৯টি ফ্লাইটে ইউরেনিয়ামের এই চালানগুলো বাংলাদেশে আসবে। এর আওতায় প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল সরবরাহ করা হবে। এই ইউরেনিয়াম রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।
উল্লেখ্য, ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রথম জ্বালানি চালান দেশে এসেছিল। সেই জ্বালানি চলতি বছরের মে মাসে প্রকল্পের পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।
এদিকে, প্রকল্পটির স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তৃতীয় পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না আসায় সেটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।





