রামেবি উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

Published: October 9, 2026, 3:50 am

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার তীব্র নিন্দা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের ‘রাষ্ট্র ও জনগণের শত্রু’ হিসেবে আখ্যায়িত করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকবে না এবং তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে সসম্মানে তাঁর নির্ধারিত চেয়ারে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে এক চা-চক্রে মিলিত হন।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দুঃখ প্রকাশ করে বলেন, একজন বিশিষ্ট শিক্ষাবিদকে এভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, “যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে রয়েছে, তারা মূলত রাষ্ট্র ও দেশের জনগণের শত্রু। অপরাধীদের কোনো দল নেই এবং তাদের কোনো রেহাই দেওয়া হবে না।” বিষয়টি জানার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তি বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজশাহীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ‘মব কালচার’ তৈরি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী উল্লেখ করেন, ইতিমধ্যে রামেবির বেশ কিছু অগ্রগতি সাধিত হয়েছে এবং হাসপাতালের অনুমোদনও মিলেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি, এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ঘটনাটি জানার পর থেকেই তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin