দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবনের পুরনো জায়গাতেই নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে ওই ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তফাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমতাজ আলী মন্ডল, ১ নম্বর ওয়ার্ড সদস্য আজাহার আলী নয়ন, বিএনপি নেতা আবু সাঈদ মন্ডল এবং হাফেজ আজিজুর রহমান সুমন। বক্তারা জানান, ১৯৬৪ সালে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সেখানে সফলভাবে সকল সরকারি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে নতুন ভবনটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার খবর বা গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাই পুরনো স্থানেই নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা। একই সঙ্গে নির্ধারিত স্থানে দ্রুত কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন বক্তারা।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে পুরনো মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবনের জায়গাতেই নতুন ভবন নির্মাণের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





