রাজশাহীর গোদাগাড়ীতে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

Published: November 21, 2026, 1:27 pm

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)। আজ দুপুরে রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরনের প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তারা খুলনায় নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অস্ত্রের উৎস শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানিয়েছে, মাদক, সন্ত্রাস এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের বিশেষ অভিযান চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy