অপ্রতিম হত্যার বিচারহীনতা মেনে নেওয়া যায় না: ওলামা অ্যালায়েন্স

Published: September 20, 2026, 7:26 am

কুমিল্লায় ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় রোধে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়ার কথাও পুলিশ জানিয়েছে। তবে সংগঠনটির দাবি, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, অপরাধ সংঘটনের পর দ্রুত ও কার্যকর তদন্ত না হলে অপরাধীদের মধ্যে দায়মুক্তির প্রবণতা তৈরি হয়, যা সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থা কমিয়ে দেয়। তিনি আরও বলেন, ইসলাম মানুষের জীবন ও নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। অপ্রতিমের এই মর্মান্তিক ঘটনা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

বিবৃতিতে নেতৃবৃন্দ পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম মানুষের জীবন ও সম্মানকে অত্যন্ত মর্যাদা দিয়েছে। কোরআনের নির্দেশনা অনুযায়ী, 'যে ব্যক্তি কোনো প্রাণকে প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।'

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১০

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh