জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে: প্রেস সচিব

Published: September 18, 2026, 3:14 am

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

প্রেস সচিব সালেহ শিবলী তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার কথা উল্লেখ করে বলেন, ২০২৫ সালে দেশে ফেরার পর বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি যখন বলেছিলেন ‘আই হ্যাভ আ প্ল্যান’, সেটি কোনো আকস্মিক স্লোগান ছিল না। এটি ছিল দীর্ঘদিনের সুবিবেচিত রাষ্ট্রভাবনা। তিনি জানান, ২০১৪ সালের ১৫ জুলাই পূর্ব লন্ডনের এক অনুষ্ঠানে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। তিনি তখনই বিদ্যমান কোটা ৫ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা প্রকাশ করেছিলেন।

সালেহ শিবলী আরও বলেন, ২০১৪ সালে ঘোষিত সেই কোটা সংস্কারের দাবি ২০১৮ সালে আন্দোলনে রূপ নেয় এবং ২০২৪ সালে সফল হয়। ১০ বছর আগেই দেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারা একজন দূরদর্শী নেতার পরিচয়। তিনি উল্লেখ করেন, লন্ডনে থাকাকালে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আদালতের নিষেধাজ্ঞার কারণে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যায়নি। তবে সমস্ত বাধা অতিক্রম করে জনগণের রায়ে তার সেই রাষ্ট্রচিন্তা আজ বাস্তবায়িত হচ্ছে।

প্রেস সচিব তার বক্তব্যে রাজনৈতিক ও সামাজিক জীবনে মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অন্যের মর্যাদা ক্ষুণ্ন করে নিজের অস্তিত্ব জানান দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই। রাজনীতি কেবল মিছিল-মিটিং বা প্রতিপক্ষকে হেয় করার বিষয় নয়, বরং ব্যক্তিক ও পারিবারিক মর্যাদা রক্ষার মাধ্যমেই সুন্দর সমাজ গঠন সম্ভব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy