রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনায় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন স্বয়ং প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে এই প্রকল্পের বর্তমান পরিকল্পনাগুলো পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছেন। প্রকল্পের বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত চিহ্নিত করে নিরসন করার ওপর জোর দেন তিনি। এছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং প্রকল্পের কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দ্রুত নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
উক্ত পর্যালোচনায় সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।





