ক্রিস গেইলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ রানের বিশ্ব রেকর্ড প্রিটোরিয়াসের

Published: October 3, 2026, 4:12 am

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে খেলতে নেমে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দিয়েছেন ২০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। এই ইনিংসের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের দীর্ঘদিনের বিশ্ব রেকর্ড। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল, যা এতদিন ছিল পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

প্রিটোরিয়াসের এই ঐতিহাসিক ইনিংসটিতে ছিল ১৩টি ছক্কা ও ১৫টি চারের মার। মাত্র ২৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করার পর পরের ১৬ বলেই তিনি পৌঁছে যান শতরানের মাইলফলকে। এরপর ৫৮ বলে ১৫০ রান স্পর্শ করেন এই ব্যাটার। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম দ্বিশতক থেকে মাত্র ১২ রান দূরে থাকতে হয়েছে তাকে। এটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি।

তার এই ঝোড়ো ব্যাটিংয়ে টাইটানস ৩ উইকেটে ২৬৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। টি-টোয়েন্টি প্রতিযোগিতার ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছিল টাইটানস। উল্লেখ্য, ওই ম্যাচেই ডেওয়াল্ড ব্রেভিস ১৬২ রানের ইনিংস খেলে প্রতিযোগিতাটির ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন, যা এবার ভেঙে দিলেন প্রিটোরিয়াস। বর্তমানে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ পাঁচটি দলীয় সংগ্রহই টাইটানসের দখলে রয়েছে।

ম্যাচটিতে নাইটসের কোনো বোলারই প্রিটোরিয়াসকে আটকানোর পথ খুঁজে পাননি, তাদের প্রত্যেকের রান দেওয়ার গড় ছিল ১১ বা তার বেশি। ২০২৬-২৭ মৌসুমে এটিই ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। তবে নামার আগে থেকেই তিনি দারুণ ছন্দে ছিলেন; সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে যথাক্রমে ৯৪ ও ১০১ রান করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে ২২টি ম্যাচ খেললেও টি-টোয়েন্টি ফরম্যাটে এটি ছিল তার ৯১তম ম্যাচ, যেখানে তার রান তোলার হার ১৫০.৪৪।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy