রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই পর্তুগালের লজ্জার হার

Published: November 15, 2026, 6:25 am

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নিজেদের প্রথম ম্যাচেই বড় হোঁচট খেল পর্তুগাল। শনিবার ব্রাগার এস্তাদিও মিউনিসিপাল দে ব্রাগায় অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগের ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জর্জ জেসুসের শিষ্যরা। পর্তুগালের ১০৫ বছরের ফুটবল ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাঠে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়।

ম্যাচ শুরুর আগে পুরো স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। ৪১ বছর বয়সী কিংবদন্তি রোনালদোকে সম্মান জানাতে খেলোয়াড় ও মাসকটরা তার নাম ও ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকরা করতালির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে, রোনালদোর স্মৃতি অমর করে রাখতে এখন থেকে জাতীয় দলের ৭ নম্বর জার্সিতে নতুন গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হবে।

তবে মাঠের বাইরের এই আবেগ মাঠের খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি। ম্যাচের ৪৩তম মিনিটে রুবেন দিয়াজের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বিয়ের্গ। বিরতির পর নাপোলি স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ ৫০তম মিনিটে এবং ৫৭তম মিনিটে আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেন। ৭৫তম মিনিটে ইয়োয়াকিম আন্দারসেন হেডে চতুর্থ গোলটি করলে হতাশ দর্শকরা দুয়োধ্বনি দিতে শুরু করেন এবং অনেকে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। যোগ করা সময়ে বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

সংবাদ সম্মেলনে রোনালদোর অভাব নিয়ে প্রশ্নের জবাবে পর্তুগাল কোচ জর্জ জেসুস বলেন, 'তিনি যদি আর জাতীয় দলের জন্য অ্যাভেইলেবল না থাকেন, তবে আমরা ঠিক কী মিস করছি? তিনি আর খেলেন না, নিজের পরিস্থিতি নিয়ে তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।' তবে দর্শকদের ক্ষোভের বিষয়ে তিনি স্বীকার করেন, ৪-১ গোলে হারার সময় সমর্থকদের মাঠ ছেড়ে চলে যাওয়াটা দুঃখজনক। অন্যদিকে মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এই রাতকে শেখার রাত হিসেবে বর্ণনা করেছেন।

এই পরাজয়ের পরও পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ-ফোর’-এর শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ৯ পয়েন্ট নিয়ে ডেনমার্ক গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগাল।

৪৩তম মিনিটে বক্সের ভেতর রুবেন দিয়াজেরর হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ডেনিশ অধিনায়ক পিয়েরে-এমিল হয়বিয়ের্গ দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy