ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে অংশবিশেষ অপসারণ

Published: October 14, 2026, 4:00 am

ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার এক অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান ফুসফুসের একটি অংশ অপসারণ করার পর এই রোগ শনাক্ত হয়। ৭১ বছর বয়সী এই ধর্মগুরুর জন্য বিষয়টিকে একটি বড় ধরনের শারীরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ভ্যাটিকানের প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, পোপ 'লাং এডেনোকার্সিনোমা' নামক ফুসফুসের এক ধরনের ক্যানসারে ভুগছেন। অস্ত্রোপচারের সময় শরীর থেকে নেওয়া টিস্যু পরীক্ষায় এই ক্যানসারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যা আগে থেকেই চিকিৎসকদের প্রাথমিক আশঙ্কার মধ্যে ছিল।

সম্প্রতি একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে অস্বাভাবিক টিউমার ধরা পড়ার পর তাঁকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। রোগটি পুরোপুরি নিরাময়ের লক্ষ্যে ভিডিও-সহায়ক প্রযুক্তির মাধ্যমে তাঁর ডান ফুসফুসের নিচের অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে। পোপের প্রধান সার্জন অধ্যাপক স্টেফানো মার্গারিতোরা ও ব্যক্তিগত চিকিৎসক লুইজি কার্বোনে জানিয়েছেন, প্রায় ৯০ মিনিটের এই অস্ত্রোপচার সফল হয়েছে এবং কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়নি। মানুষের ফুসফুসের পাঁচটি অংশের মধ্যে ডান দিকে তিনটি এবং বাঁ দিকে দুটি অংশ থাকে।

ওয়াশিংটনের মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালের হেমাটোলজি-অনকোলজি বিভাগের প্রধান স্টিফেন লিউ জানান, রোগ শনাক্ত হলেও ক্যানসার ঠিক কোন পর্যায়ে আছে তা এখনো জানা যায়নি, যা পরবর্তী চিকিৎসার জন্য জরুরি। তিনি রয়টার্সকে বলেন, যদি ক্যানসার লিম্ফ নোডে না ছড়িয়ে থাকে, তবে শুধু অস্ত্রোপচারই যথেষ্ট হতে পারে। তবে ক্যানসার ছড়িয়ে পড়ার প্রমাণ মিললে পরিস্থিতি আশঙ্কাজনক হতে পারে। ভ্যাটিকান এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।

অস্ত্রোপচারের পর পোপের চেতনা স্বাভাবিকভাবে ফিরে এসেছে এবং বর্তমানে তিনি হাসপাতালে বিশ্রামে আছেন। ভ্যাটিকানের ঘোষণা অনুযায়ী, পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে, যার ফলে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সব ধরনের গণজমায়েত ও পাবলিক ইভেন্ট বাতিল করা হয়েছে। অস্ত্রোপচারের উদ্দেশ্যে ভ্যাটিকান ত্যাগের সময় তাঁকে হাত নাড়তে দেখা গিয়েছিল এবং হাসপাতালে পৌঁছানোর পর তিনি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ২০২৫ সালের মে মাসে নির্বাচিত পোপ লিওর আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে ১১ দিনের সফরসূচি থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo