নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর চূড়ান্ত করতে ফের আলোচনা

Published: September 18, 2026, 7:25 am

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে সাময়িক টানাপড়েন কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশের কর্মকর্তারা আবারও আলোচনা শুরু করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর একটি প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে, আগামী নভেম্বরে সুবিধাজনক সময়ে এ সফর আয়োজনের প্রস্তুতি চলছে। বর্তমানে ঢাকায় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অব্যাহত রয়েছে এবং সফরের সম্ভাব্য আলোচ্যসূচি তৈরির কাজ চলছে।

প্রস্তাবিত এই সফরে রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করার পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি একটি সংবেদনশীল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং তাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি অন্যতম আলোচনার বিষয়।

এর মধ্যেই গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি মোদির সুস্বাস্থ্য ও ভারতের জনগণের সেবায় তার দীর্ঘায়ু কামনা করেন। জবাবে নরেন্দ্র মোদি তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার শুভেচ্ছার প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন। এরপরে অক্টোবর ও নভেম্বরে তার একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে। এর মধ্যেই নভেম্বরে ভারত সফরের সূচি চূড়ান্ত করার চেষ্টা চলছে। সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সূত্রের মতে, এসব বৈঠক সফরের প্রস্তুতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার অংশ।

এর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি সম্মেলনে অংশ নেননি এবং বাংলাদেশ থেকে কোনো সরকারি প্রতিনিধিও পাঠানো হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরবর্তীতে জানিয়েছিলেন, তারেক রহমানকে ভারত আলাদাভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy