কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হলো, চলছে গণনা

Published: November 21, 2026, 4:07 am

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। শনিবার সকাল ৭টায় মসজিদটির দানবাক্সগুলো খোলার প্রক্রিয়া শুরু হয়। সংগৃহীত টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে, যেখানে দিনব্যাপী গণনার কাজ চলমান রয়েছে।

এই বিশাল কর্মযজ্ঞে পাঁচ শতাধিক মানুষ অংশ নিচ্ছেন। গণনার কাজে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা যুক্ত রয়েছেন। সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার বিশেষ কারণে চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। দানের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা থাকায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেবার ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়, যা গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা ছিল। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী পাওয়া গিয়েছিল।

প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে পরিচালিত এই মসজিদটি কেবল মুসলমানদের কাছে নয়, সব ধর্মের মানুষের কাছে একটি আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত। ভক্তদের বিশ্বাস, এখানে একনিষ্ঠ নিয়তে দান করলে মনের বাসনা পূরণ হয়। জনশ্রুতি অনুযায়ী, পাগলবেশী এক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে এখানে আস্তানা গেড়েছিলেন, যার নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy