পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

Published: October 30, 2026, 12:30 pm

পাবনার সদর উপজেলায় বজ্রপাতের ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে একটি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতের পাশাপাশি অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বেশ কয়েকজন ব্যক্তি সোনাপাতিল বিলে মাছ ধরা ও কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা নিরাপত্তা পেতে পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। সেই ঘরেই বজ্রপাত আঘাত করলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে কিশোর ও তরুণ বয়সী ব্যক্তিরা রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh