‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফল করতে বাংলাদেশ নৌবাহিনী দেশব্যাপী ব্যাপক অভিযান পরিচালনা করেছে। গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে দেশের নয়টি জেলায় নৌবাহিনীর সাতটি জাহাজ, বিভিন্ন বোট, কন্টিনজেন্ট এবং মেরিটাইম পেট্রল এয়ারক্রাফটের মাধ্যমে এয়ার সারভিলেন্স ব্যবহার করা হয়।
অভিযান চলাকালীন নৌবাহিনী মোট ২১২টি অপারেশন পরিচালনা করে। এতে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার দৈর্ঘ্যের ১৬৬টি বিভিন্ন ধরনের অবৈধ জাল, চারটি বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এছাড়া অভিযানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা অবৈধ জালগুলো স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার হওয়া জাটকা মাছগুলো স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে এবং আটককৃত বোটগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।





