ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে, তা নিশ্চিত করার জন্য জাতীয় স্বার্থে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই লক্ষ্য অর্জনে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। কোনো ধরনের লং মার্চের পরিবর্তে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সাংবিধানিক সংস্কারের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনার জন্য বিরোধী দলের সহযোগিতা কাম্য। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদ রোধে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। গণতন্ত্র সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিশ্চিত করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান প্রজন্মের চাহিদাগুলো সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে। সবশেষে তিনি ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।





