টানা ষষ্ঠ দিনের মতো বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

Published: September 23, 2026, 7:17 am

আন্তর্জাতিক বাজারে টানা ছয় কার্যদিবস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমছে। বুধবারের লেনদেনে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ০১ ডলারে নেমে এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, দুই ধরনের তেলের দামই বর্তমানে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।

বিশ্ববাজারে এই দরপতনের প্রধান কারণ হিসেবে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম পুনরায় শুরু হওয়াকে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর একটি ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ রাখা হয়েছিল। এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরের দিকে সরানোর ব্যবস্থা ছিল, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশ। এছাড়া সৌদি আরব হরমুজ প্রণালির বাইরে অবস্থিত স্থাপনা থেকে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত তেল সরবরাহের প্রস্তাবও দিয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিলেও, তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইরানের প্রতিনিধিদের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানিয়েছেন। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় ৮ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নেমেছে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানান, বাজারে এখন সরবরাহ পরিস্থিতি নিয়ে আগের চেয়ে বেশি আশাবাদ তৈরি হয়েছে।

এদিকে ইরাকও তাদের তেল রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানান, বর্তমানে দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি হচ্ছে এবং তুরস্কের মাধ্যমে তা দৈনিক ৬ লাখ ব্যারেল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ভরটেক্সা ও কেপলারের তথ্যমতে, আগস্টে ইরাকের রপ্তানি জুলাইয়ের তুলনায় বাড়লেও তা ফেব্রুয়ারির মাত্রার চেয়ে কম ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ১৮ লাখ ব্যারেল বেড়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে ভিন্ন। সরকারি মজুতের চূড়ান্ত তথ্য বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy