পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উড়িবুনিয়া গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার সমুদয়কাঠি এলাকায় একটি রাজনৈতিক ঘটনার সূত্র ধরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ঘটনার পরদিন অর্থাৎ ১৬ আগস্ট নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ। ওই মামলায় ১৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান এই মামলার ১৪ নম্বর নামীয় আসামি।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের পর রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





