রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা মুকুল ইসলাম (২৮) এবং শাকিব বসুনিয়া (২২)। মুকুল কালু মিয়ার ছেলে এবং শাকিব লোকমান বসুনিয়ার ছেলে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে তারা বাড়ি ফিরছিলেন। একই এলাকার আরও চারজনসহ মোট ছয়জন যাত্রী ছিলেন ওই বাসে। পথে বাসের স্টাফদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে বাসের স্টাফরা আতিক নামের একজনকে আটকে রেখে অন্যদের নামিয়ে দেয়। পরবর্তীতে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব পুনরায় বাসে উঠলে তাদের সঙ্গে বাসের লোকজনের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বাসের স্টাফ লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন এবং সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে, ওই দুজনকে বাস থেকে পরিকল্পিতভাবে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শাকিবকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে মাইক্রোবাসে থাকা অন্য যাত্রীরা চিকলী এলাকায় বাসটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছে। ইউএনও মোনাব্বর হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।





