২০ রুপির পানি ৫০ রুপিতে বিক্রি, সিনেমা হলকে ৮৫ হাজার জরিমানা

Published: October 9, 2026, 6:22 am

বাজারে ২০ রুপি মূল্যের পানির বোতল সিনেমা হলের ভেতরে ৫০ রুপিতে বিক্রি করার দায়ে একটি মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ও বহুজাতিক পানি প্রস্তুতকারী সংস্থাকে ৮৫ হাজার রুপি জরিমানা করেছে ভারতের বিহারের পাটনার ক্রেতা সুরক্ষা আদালত। দীর্ঘ প্রায় এক দশক আইনি লড়াইয়ের পর এই মামলায় জয় পেয়েছেন অভিযোগকারী এক ব্যক্তি।

সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর পাটনার একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন রজত তিওয়ারি নামের এক ব্যক্তি। আড়াই ঘণ্টার সিনেমা দেখার জন্য হলে ঢোকার সময় তাকে বাইরে থেকে নিজের পানির বোতল নিয়ে যেতে বাধা দেওয়া হয়। ফলে হলের ভেতর থেকেই তাকে পানির বোতল কিনতে হয়। বাজারে যে বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০ রুপি, হলের ভেতরে সেটির দাম রাখা হয় ৫০ রুপি। অর্থাৎ প্রায় আড়াই গুণ বেশি দাম নেওয়া হয়।

এই ঘটনার পর রজত তিওয়ারি ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ শুনানির পর আদালত তার পক্ষে রায় দেয়। রায়ে আদালত নির্দেশ দিয়েছে, অতিরিক্ত দাম নিয়ে ক্রেতাকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য তাকে ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আইনি লড়াইয়ের খরচ বাবদ তাকে ১০ হাজার রুপি দিতে হবে। বাকি ৫০ হাজার রুপি জমা দিতে হবে রাজ্য ক্রেতা কল্যাণ তহবিলে।

মামলার শুনানিকালে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করেছিল, পানির বোতলের দাম নির্ধারণে তাদের কোনো ভূমিকা ছিল না। অন্যদিকে পানি প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানিটি দাবি করে, তারা নির্দিষ্ট নিয়ম মেনেই এই দাম নির্ধারণ করেছিল। তবে উভয় পক্ষের যুক্তিই খারিজ করে দিয়েছে আদালত। ক্রেতা সুরক্ষা আদালত স্পষ্ট জানায়, বাইরে থেকে পানির বোতল নিয়ে যেতে না দিয়ে এবং ভেতরে অতিরিক্ত মূল্যে পানি বিক্রি করে উভয় সংস্থাই নিয়ম লঙ্ঘন করেছে। এই জরিমানা আগামী ৪৫ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh