ভারতের উত্তর প্রদেশে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার

Published: October 13, 2026, 3:42 am

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদ শহরে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ২৩ বছর বয়সী মোহাম্মদ ফাইজানকে নির্ধারিত শব্দসীমা লঙ্ঘনের দায়ে আটক করা হয়। সোমবার ভারতীয় বার্তাসংস্থা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাজিবাবাদের সরকারি ইন্টার কলেজের (জিআইসি) কাছে অবস্থিত নাজিবুদ্দৌলা মসজিদে উচ্চস্বরে মাইক ব্যবহারের খবর পেয়ে তারা অভিযানে নামে। এ সময় মসজিদের মাইকটিও জব্দ করা হয়েছে। পরে ফাইজানকে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কৃষ্ণ গোপাল সিং জানান, মসজিদ কর্তৃপক্ষের লাউডস্পিকার ব্যবহারের বৈধ অনুমতি ছিল না। তিনি আরও বলেন, অনুমতি ছাড়া মাইকের আওয়াজ মসজিদ প্রাঙ্গণের বাইরে ছড়িয়ে পড়া আইনত নিষিদ্ধ। সরকার ও আদালতের নির্দেশনা অনুযায়ী শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানিয়েছেন, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপপরিদর্শক সৌরভ সিং ও কনস্টেবল রোহিত ওই এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তারা মসজিদ থেকে উচ্চ শব্দের আওয়াজ শুনতে পান এবং সেখানে গিয়ে ফাইজানকে আজান দিতে দেখেন। পুলিশের দাবি, লাউডস্পিকারের শব্দ নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় শব্দদূষণ হচ্ছিল এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy