মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা জাহরা এল মানসুরি নিযুক্ত

Published: September 30, 2026, 3:23 am

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী আইনজীবী ও নগর পরিকল্পনামন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে মরক্কো তথা সমগ্র উত্তর আফ্রিকার প্রশাসনিক নেতৃত্বে প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন।

রাজপ্রাসাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের চার দিন পর এই নিয়োগ ঘোষণা করা হলো। নির্বাচনে ফাতিমা জাহরা এল মানসুরির নেতৃত্বাধীন মধ্যপন্থী দল ‘অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) সর্বোচ্চ ভোট অর্জন করেছে। তবে মরক্কোর নির্বাচনি কাঠামো অনুযায়ী কোনো একক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, প্রধানমন্ত্রীকে এখন দ্রুত একটি জোট সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে।

আরব বিশ্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী হলেন মানসুরি। এর আগে তিউনিসিয়ার নাজলা বাউডেন এই পদে অধিষ্ঠিত ছিলেন। নতুন সরকারের প্রধান হিসেবে ফাতিমা জাহরা মানসুরিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির পাশাপাশি ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজনের বিশাল বিনিয়োগ তদারকির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

মরক্কোর সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দল থেকেই প্রধানমন্ত্রী নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে, যা ২০১১ সালের আরব বসন্তের পর কার্যকর হয়। ফাতিমা জাহরা মানসুরি ২০০৮ সালে পিএএম-এ যোগ দেন। দলটির প্রতিষ্ঠাতা ফুয়াদ আলি এল হিম্মা রাজা ষষ্ঠ মোহাম্মদের ঘনিষ্ঠ উপদেষ্টা ও শৈশবের বন্ধু। ফ্রান্সের মঁপেলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ফাতিমা এর আগে দুই মেয়াদে মারাকেশের মেয়র এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘মারাকেশের পাশা’ নামে পরিচিত আবদের রহমান এল মানসুরির কন্যা এবং শহরের বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন। গত সপ্তাহের নির্বাচনে মোট ১ কোটি ৫৮ লাখ ভোটারের মধ্যে ১০ লাখ ভোটার পিএএম-কে সমর্থন জানান, যা দলটির জন্য একটি বড় অর্জন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin