প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৩। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের বেশ কয়েকজন কর্মীর কূটনৈতিক মর্যাদা বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডাচ সরকার। এ ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নিকে তলব করা হয়েছে। সোমবার দ্য হেগে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের এই সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট ডাচ কর্মীদের আগামী সাত দিনের মধ্যে দেশটি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে অধিকৃত পশ্চিম তীর ও গোলান মালভূমিতে অবৈধ ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নেদারল্যান্ডস নিষেধাজ্ঞা আরোপসহ ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। এরপরই পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল ডাচ কূটনীতিকদের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেয়।
ইসরায়েলের এই পদক্ষেপকে 'অপ্রয়োজনীয়' হিসেবে আখ্যায়িত করেছেন টম বেরেন্ডসেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নির কাছ থেকে এই সিদ্ধান্তের বিস্তারিত কারণ এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মঙ্গলবার ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে রাষ্ট্রদূতকে এ বিষয়ে জবাব দেওয়ার কথা রয়েছে।
এনওএস-এর তথ্যমতে, এটিই প্রথম নয়, এর আগেও ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। গত মে মাসে গাজামুখী একটি ত্রাণবহর ইসরায়েল আটকে দেওয়ার পর সেখানে দায়িত্বরত কর্মীদের সঙ্গে 'অপমানজনক আচরণ' করার অভিযোগ ওঠে। সেই ঘটনার ব্যাখ্যা চাওয়ার জন্যও রাষ্ট্রদূতকে তলব করেছিল নেদারল্যান্ডস কর্তৃপক্ষ।





