ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে পুনরায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে বা বাংলাদেশ সময় রোববার ভোর প্রায় ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের এই হামলার প্রধান লক্ষ্য ছিল একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো। হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে মন্ত্রণালয় ওই অবকাঠামোর ধরন বা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এই দ্বীপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত তেল শোধনাগারসহ বেশ কিছু বাণিজ্যিক স্থাপনা রয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন পরিচালনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি স্পষ্ট করেছে যে, তাদের লক্ষ্যবস্তু ছিল বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটি। উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত এবং গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে ইরান একাধিকবার হামলা চালিয়েছে।





