হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু

Published: October 14, 2026, 10:00 am

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮ হাজার ৫৭০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন, যার ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন রোগী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh