লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Published: October 2, 2026, 12:33 pm

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বনের মাগুরছড়া এলাকায় ট্রেনটির ৭টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ৭১৭/৭১৮ নম্বর ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দুপুর ১টা ৬ মিনিটে এটি ভানুগাছ স্টেশন ত্যাগ করার পর লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুকটি ছিঁড়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিনটি সামনের দিকে এগিয়ে গেলেও পেছনের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

এই দুর্ঘটনার ফলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ভোগান্তি তৈরি হয়েছে। বর্তমানে রেলওয়ের একটি টেকনিক্যাল টিম ঘটনাস্থলে অবস্থান করছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে বগিগুলো মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin