সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকসহ মোট ১২ জনের মর্মান্তিক মৃত্যু ও বহু মানুষের আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার দলটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই শোক প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের হামলাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, নিরপরাধ মানুষের জীবনহানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, দেশের অর্থনীতিতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান।
এছাড়া নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহতদের চিকিৎসার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।





