দেশে ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, নতুন আক্রান্ত দুই হাজার ১৯৩

Published: October 11, 2026, 12:45 pm

চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট প্রাণহানি ৩০৩ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৯৩ জন রোগী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি এক হাজার ৩০ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, খুলনা বিভাগে ৩০৪ জন, বরিশাল বিভাগে ২৩৬ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, জটিল কোনো লক্ষণ না থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই ডেঙ্গু থেকে সেরে ওঠা সম্ভব। তবে তীব্র কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সাধারণত মশা কামড়ানোর কয়েক দিন পর ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ মাত্রার জ্বর, সারা শরীরে ব্যথা, মাথা ও চোখের ব্যথা, বমি এবং ক্ষুধা কমে যাওয়া। এছাড়া কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা, শরীর চুলকানো এবং লালচে দানা বা ফুসকুড়ি দেখা দিতে পারে।

তবে তীব্র পেটব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, বমির সঙ্গে রক্ত আসা, শ্বাসকষ্ট ও বুক ব্যথা, অতিরিক্ত দুর্বলতা, হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণগুলোকে ডেঙ্গুর ভীতিকর লক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন চিকিৎসকরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh