আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে দুদিনব্যাপী '৩য় আন্তর্জাতিক আইইইই কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন (কম্পাস-২০২৬)'। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ৯ ও ১০ অক্টোবর আয়োজিত এই সম্মেলনে বিশ্বমানের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ইন্ডাস্ট্রির পেশাজীবীরা আধুনিক কম্পিউটিংয়ের অগ্রগতি এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে নিজেদের মতামত বিনিময় করবেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মেলনটির জেনারেল চেয়ার ও ঢাবির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের সফল ধারাবাহিকতায় আয়োজিত এবারের কম্পাস সম্মেলনে মোট ৬১৬টি গবেষণা পত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে বিচারকদের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নে ১১২টি মানসম্মত গবেষণাপত্র গৃহীত হয়েছে, যার গ্রহণের হার প্রায় ৩৪.৪ শতাংশ।
সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ ১০ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে 'বিয়ন্ড এআই অ্যাডাপশন: রিডেফাইনিং টিচিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড রিসার্চ ইন হায়ার এডুকেশন' শীর্ষক একটি বিশেষ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এই সেশনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক এম সোহেল রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ আলোচনায় অংশ নেবেন। এই সেশনের মডারেশনের দায়িত্বে থাকবেন সম্মেলনের অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. মো. মামুন-অর-রশীদ।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই মিলনায়তনে সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।





