হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দরে তল্লাশির সময় ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো অবস্থায় এই স্বর্ণের পেস্টগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২৯০ গ্রাম। এর মধ্যে প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম এবং স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, উদ্ধার করা এই ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
ঘটনার পর সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।





