নেত্রকোনার মদন পৌর শহরে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া মিজানুর রহমান (২৫) নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মদন পৌর শহরের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান মদন পৌর শহরের আদর্শ কারিগরি বাণিজ্য কলেজ এলাকার রোকন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মিজানুর। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার দুপুরে মদন পৌর শহরের বিকাশ বৈশ্যের বাড়ির পুকুরে স্থানীয় বাসিন্দারা তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো একসময় নেশাগ্রস্ত অবস্থায় মিজানুর পুকুরপাড়ের একটি সুপারিগাছে ওঠেন। একপর্যায়ে গাছটি ভেঙে তিনি পুকুরপাড়ের গার্ডওয়ালের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অদূরে সুপারিগাছের গোড়ায় নিহতের জুতা ও ডেনডি সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় সুপারিগাছে ওঠায় গাছটি ভেঙে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।





