প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিমের বৈঠক

Published: October 8, 2026, 3:28 pm

ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে উভয় পক্ষ নিজেদের মতামত বিনিময় করেন। এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা করা হয়।

এই চুক্তির আওতায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। এই অংশীদারিত্বের মাধ্যমে টার্মিনালটির আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কন্টেনার ডিপো (আইসিডি) স্থাপনসহ নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের আগ্রহের বিষয়ে জানতে চান। প্রধানমন্ত্রীর এই আগ্রহের জবাবে প্রতিনিধিদলের সদস্যরা এসব খাতে সহযোগিতা ও নতুন বিনিয়োগে তাদের গভীর আগ্রহের কথা জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin