বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি রোধে সংসদীয় কমিটির কঠোর নজরদারির সুপারিশ

Published: October 8, 2026, 4:35 pm

বিমানবন্দরে প্রবাসী কর্মীরা যাতে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ, কে, এম, ফজলুল হক মিলনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মোঃ জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মোঃ আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও নিয়মের ব্যত্যয় না ঘটে, সেজন্য সব কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের সুপারিশ করে কমিটি।

কমিটির পক্ষ থেকে প্রবাসী কর্মীরা এয়ারপোর্টে পৌঁছানোর পর সব ধরনের হয়রানি ও অবহেলা থেকে মুক্ত রাখার বিষয়ে জোর দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪,৩২,৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে, যার মধ্যে মহিলা কর্মীর সংখ্যা ৩৬,৫৯০ জন।

একই সময়ে অর্থাৎ ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স প্রবাহ ছিল ২৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এই পরিমাণটি পূর্ববর্তী সময়ের তুলনায় প্রায় ২.৮০ বিলিয়ন মার্কিন ডলার বেশি। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকে আরও জানানো হয়, বর্তমানে সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্ট এবং বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) এর মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হচ্ছে। দেশে বর্তমানে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মোট সংখ্যা ২৮৬০টি, যার মধ্যে সচল রয়েছে ২১৮৭টি। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin