রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

Published: October 8, 2026, 7:50 am

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরও দুই বিজ্ঞানীর নাম। অপ্রতিসম জৈব সংশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। একাডেমির ওয়েবসাইটে জানানো হয়েছে, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটনের আবিষ্কারের জন্য তাদের এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল কমিটির মতে, তাদের এই গবেষণা অপ্রতিসম জৈব সংশ্লেষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতির পথ তৈরি করেছে।

এর আগে, ২০২৫ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম. ইয়াগি। মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) বা ধাতু-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য তাদের সে বছর এই পুরস্কার দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এ পর্যন্ত এই বিভাগে সর্বমোট ১১৬ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। রসায়নে নোবেলজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পাওয়ার অনন্য রেকর্ডটি রয়েছে জন বি. গুডএনাফের ঝুলিতে। ২০১৯ সালে ৯৭ বছর বয়সে তিনি এই পুরস্কার লাভ করেন। অন্যদিকে, সবচেয়ে কম বয়সে নোবেলজয়ীদের মধ্যে অন্যতম হলেন ফ্রেদেরিক জোলিও-কুরি। ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে স্ত্রী ইরেন জোলিও-কুরির সঙ্গে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh