সারিয়াকান্দিতে নারী প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্য ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published: November 21, 2026, 2:12 pm

বগুড়ার সারিয়াকান্দিতে মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সে প্রশিক্ষণার্থী নারীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এক স্বাস্থ্য ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীদের সার্বিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সুস্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিশ্চিত করার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

উদ্বোধনী পর্ব শেষে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম কমপ্লেক্সের আবাসিক নারী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাঁদের প্রশিক্ষণ কার্যক্রম, শারীরিক স্বাস্থ্য ও নানা সমস্যার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। মতবিনিময়কালে তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। কারণ নারীদের অগ্রগতির ওপরই পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভর করে। এসময় তিনি প্রতিষ্ঠানটির সার্বিক মানোন্নয়ন এবং আসনসংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ নারীদের স্বাবলম্বী ও দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ২০০০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ২০০২ সালের ১ জুলাই তৎকালীন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশে বিভিন্ন সময় রাজনৈতিক পটপরিবর্তন হলেও নামের ধারাবাহিকতা রেখে কেন্দ্রটির নাম ‘মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স’ রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতান ইবনে সাঈদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টনসহ প্রশিক্ষণ কেন্দ্রটির কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin