হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭: আবেদন ও বিস্তারিত তথ্য

Published: September 17, 2026, 8:17 am

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭-এ আবেদনের সুযোগ উন্মুক্ত হয়েছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা এই সম্পূর্ণ অর্থায়নের কর্মসূচিতে অংশ নিতে পারবেন। নির্বাচিত গবেষকেরা হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের সুযোগ পাবেন। এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি বিশ্বখ্যাত গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। সাধারণত প্রতিবছর পাঁচ থেকে ছয়জন গবেষককে এই ফেলোশিপের জন্য নির্বাচন করা হয়।

নির্বাচিত একাডেমি স্কলাররা প্রতিবছর ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন, যা মাসিক হিসেবে ৬৬৬৬ ডলার। এর পাশাপাশি গবেষণা পরিচালনার জন্য বছরে অতিরিক্ত ছয় হাজার ডলার অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া গবেষণা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তা, গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুবিধা এবং স্বাস্থ্যবিমার সুবিধা প্রদান করা হবে।

আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকা জরুরি। বিশেষ করে বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষ আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পর সম্পন্ন হতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। হার্ভার্ড একাডেমি এই সাক্ষাৎকারের যাতায়াত ও হোটেলের ব্যয় বহন করবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি বা রিজিউমে), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল এবং তিনটি রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১৮ সেপ্টেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি সম্পর্কে হার্ভার্ড একাডেমির ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo