গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ’ নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা ও আলোচনা চলছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমাদের অবস্থান থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। দুই দেশের নেতৃত্ব পর্যায়ে, সিনিয়র অফিসিয়াল লেভেলে এবং ওয়াটার নেগোশিয়েটরদের মধ্যে আন্তরিকতা থাকলে একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাওয়া সম্ভব। এ লক্ষ্যে দুই দেশ একটি কমিটি গঠন করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী জানান, ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা, ডায়ালগ এবং কূটনীতির মাধ্যমেই কেবল এই সমস্যার সমাধান সম্ভব। এছাড়া আন্তর্জাতিক আইনের যে অবস্থানগুলো রয়েছে, সেগুলোকেও আলোচনায় বিবেচনায় রাখা হচ্ছে। গঙ্গা চুক্তির বিষয়ে কী হবে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একই প্রশ্ন বারবার করা হচ্ছে। আর কোনো প্রশ্ন না থাকলে তাকে মিটিংয়ে যেতে হবে বলে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।





