ফ্রান্সে শিক্ষার্থীদের স্কুল অবরোধ অব্যাহত, আলোচনার ডাক শিক্ষামন্ত্রীর

Published: October 8, 2026, 5:07 pm

শিক্ষা খাতে আরও বরাদ্দের দাবিতে বৃহস্পতিবার ফ্রান্সজুড়ে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের মুখে পরিস্থিতি পর্যালোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের আলোচনার টেবিলে ডেকেছেন দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে। লে পারিজিয়াঁর তথ্যানুযায়ী, জেফ্রে তিনটি উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সংগঠন—ইউনিয়ন সিন্দিক্যাল লিসেয়েন (ইউএসএল), রনুভো লিসেয়েন এবং লিসেয়েঁ!-এর প্রতিনিধিদের মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠেয় এই বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী ফিলিপ বাপতিস্তেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকরনু অক্টোবরের শেষ নাগাদ কিছু পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিলেও আন্দোলন থামেনি। বৃহস্পতিবার প্যারিসের বেশ কিছু স্কুল অবরোধের পাশাপাশি পঁতেওঁ-আসাস বিশ্ববিদ্যালয় তাদের সকালের ক্লাস বাতিল করেছে। লুমিয়ের লিয়ঁ ২ বিশ্ববিদ্যালয়ও বিঘ্নের উচ্চ ঝুঁকির আশঙ্কায় দিনের জন্য তাদের তিনটি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। আঞ্জে শহরের উচ্চমাধ্যমিক স্কুলগুলোতেও অবরোধের খবর পাওয়া গেছে, যেখানে জ্বলন্ত ময়লার ঝুড়ির আগুন নেভাতে দমকলকর্মীদের কাজ করতে হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ২২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ এবং ১৫১টি আংশিকভাবে ব্যাহত থাকবে, যা বুধবারের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। আন্দোলনরত শিক্ষার্থীরা ইল-দ্য-ফ্রাঁস অঞ্চলের প্রিফেকচারের সামনে সমাবেশের ডাক দিয়েছে এবং বিকেলে প্যারিসের প্লাস দ্য লা বাস্তিয়ে জমায়েত হওয়ার কর্মসূচি রয়েছে। এসএনইএস-এফএসইউ, সিজিটি, এফও ও সুদসহ বেশ কয়েকটি শিক্ষক ইউনিয়ন এই ধর্মঘট ও বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্ববিদ্যালয়ে আড়াই লাখ নতুন আসন সৃষ্টি এবং পারকুরসুপ ভর্তি প্ল্যাটফর্মের মাধ্যমে বাছাই প্রথার বিলুপ্তি। ইউএসএলের সভাপতি রিয়াদ রানি ব্যয়ের হিসাবসহ প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন। অন্যদিকে, সরকারি মুখপাত্র মোদ ব্রেজেওঁ সরকারের অবস্থান ব্যাখ্যা করে জানান, আগামী বছরের জন্য জাতীয় শিক্ষায় ৬৪ বিলিয়ন ইউরো বা প্রায় ৭২ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এদিকে জাতীয় পরিষদের স্পিকার ইয়ায়েল ব্রঁ-পিভে বিক্ষোভকারী ও পুলিশ উভয় পক্ষকেই শান্ত থাকার এবং শিক্ষার্থীদের উদ্বেগের প্রতি যথাযথ সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin