ভাইরাল অডিওর জেরে ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি

Published: September 18, 2026, 2:54 am

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওর সূত্র ধরে ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তদন্তের বিষয়ে শফিকুল ইসলাম জানান, ডিএমপি থেকে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই তাকে ডাকা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে ডিবির একজন প্রতিনিধি রয়েছেন এবং বাকি দুজন ডিএমপি সদর দপ্তরের কর্মকর্তা। ভাইরাল হওয়া অডিওর বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবি কমিশনার।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি রাকিবুলের নামে একটি অডিও ভাইরাল হয়। ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ সদস্যরা খুবই দুর্বল। অডিওতে আরও দাবি করা হয়, শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসেন, তবে পুলিশ কিছুই করতে পারবে না। এছাড়া অডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন বলে মন্তব্য করা হয়, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তেমনটা করছেন না বলে দাবি করা হয়। পাশাপাশি পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও ওই ব্যক্তিকে কথা বলতে শোনা যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin