জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ

Published: September 27, 2026, 3:54 pm

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস, অর্থাৎ জুলাই ও আগস্ট সময়ে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলারের ঋণ পরিশোধ করেছিল, যা দেশীয় মুদ্রায় ছিল ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বেড়েছে।

ইআরডির প্রতিবেদন অনুযায়ী, এই দুই মাসে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে বাংলাদেশ নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh