খুলনায় ছেলেকে কুপিয়ে হত্যার দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

Published: October 5, 2026, 7:18 pm

খুলনার রূপসা উপজেলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার মাত্র দেড় মাসের মাথায় এবার তাঁর বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডসহ চলতি বছর রূপসা উপজেলায় মোট ১২টি খুনের ঘটনা ঘটল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মাগরিবের নামাজ শেষ করে মসজিদের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন আক্তার ঢালী। সেখানে স্থানীয় লোকজনের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে চায়ের দোকানের বেঞ্চের পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রূপসা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নিহত হয়েছেন। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ জোর তদন্ত শুরু করেছে।

এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

এদিকে রূপসা ছাড়াও খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় গত রবিবার মোটরসাইকেলে এসে চায়ের দোকানে একজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলাজুড়ে মোট ৩৩টি হত্যা মামলা হয়েছে, যার মধ্যে ৭টি হত্যাকাণ্ড ঘটেছে গুলিতে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়টি থানায় হওয়া এই ৩৩টি হত্যা মামলার মধ্যে পারিবারিক কলহের জেরে ১১টি, মাদক সংক্রান্ত কারণে ৩টি, চুরি ও ছিনতাইয়ের জেরে ৩টি, আধিপত্য বিস্তার নিয়ে ২টি এবং আর্থিক বিরোধের জেরে ২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এই ৩৩টি মামলার মধ্যে ২৫টির রহস্য উদ্ঘাটন করতে পেরেছে বলে দাবি করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo